খালিয়াজুরীতে নিখোঁজের ৩ দিন পর ধেনু নদী থেকে বল্কহেড বাবুর্চির মরদেহ উদ্ধার

মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোণা জেলার খালিয়াজুড়ি উপজেলায় ধেনু নদী থেকে নিখোঁজ হওয়ার তিন দিন পর মিলন মিয়া (২৮) নামের এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা আনুমানিক পৌনে ৭টার দিকে উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া বাজারের লঞ্চঘাটের পাশে খেয়াঘাটের পূর্ব পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মাছ কাটার সময় নদীতে পতন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মিলন মিয়া গত ১৫-২০ দিন ধরে ‘এমবি আহম্মদ শাহ ২’ (এম নং- ১২৮৩৮) নামের একটি বল্কহেডে বাবুর্চি হিসেবে কাজ করছিলেন। গত ১৬ জুন (মঙ্গলবার) রাত সাড়ে ১০টার দিকে বল্কহেডটি খালিয়াজুড়ি থানাধীন লেপসিয়া বাজারের লঞ্চঘাটে নোঙর করা অবস্থায় ছিল। ওই সময় লঞ্চঘাটের বাজার থেকে মাছ নিয়ে আসার পর বল্কহেডের পেছনে বসে মাছ কাটার একপর্যায়ে তিনি হঠাৎ পা পিছলে গভীর পানিতে পড়ে যান।

উদ্ধার অভিযান ও মরদেহ প্রাপ্তি

ঘটনার পরপরই লেপসিয়া বাজার নৌ পুলিশের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মী এবং স্থানীয় জনতা নদীতে ব্যাপক তল্লাশি শুরু করেন। তবে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও প্রথম দুই দিন তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে নিখোঁজের তিন দিন পর গত বৃহস্পতিবার সন্ধ্যায় লেপসিয়া লঞ্চঘাটের পাশে ধেনু নদীতে তাঁর মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে লেপসিয়া বাজার নৌ পুলিশের এসআই নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করেন এবং খালিয়াজুড়ি থানায় নিয়ে আসেন।

অপমৃত্যু মামলা ও ময়নাতদন্ত

নিহত মিলন মিয়ার গ্রামের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার চৌদ্দহাজারী গ্রামে বলে জানা গেছে।

খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন ধেনু নদী থেকে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান,

“নদী থেকে উদ্ধারকৃত মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আজ শুক্রবার (১৯ জুন) সকালে যথাযথ পুলিশ পাহারায় মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *