খালিয়াজুড়িতে মাদক সেবন ও বিক্রির দায়ে ৩ জনকে কারাদণ্ড দিলেন ইউএনও
মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার খালিয়াজুড়ীতে মাদক সেবন ও মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অপরাধে তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের নূরপুর বোয়ালী গ্রাম থেকে তাদের আটক করার পর এই দণ্ডাদেশ প্রদান করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন— নূরপুর বোয়ালী গ্রামের মোঃ স্বপন মিয়া (৪২), শহিদুল খা (৩৬) এবং শেখ স্বাধীন চৌধুরী (২৫)।
অভিযান ও আটক
নেত্রকোনা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (এসআই) মোঃ আলআমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নূরপুর বোয়ালী গ্রামে মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে আসামিদের নিজ বাড়ি থেকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চোলাই মদ ও গাঁজাসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করে পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
স্বীকারোক্তি ও ভ্রাম্যমাণ আদালতের রায়
খবর পেয়ে খালিয়াজুড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাদির হোসেন শামীম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আসামিরা মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করায় স্বপন মিয়া ও শহীদুল খা-কে ১৫ দিনের এবং শেখ স্বাধীন চৌধুরীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মাদক দমনে জিরো টলারেন্স
উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম জানান, নেত্রকোনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব লুৎফুজ্জামান বাবরের নির্দেশনায় এবং জনস্বার্থে মাদক নির্মূলে এই বিশেষ অভিযান শুরু হয়েছে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
সাজাপ্রাপ্তদের যথাযথ পুলিশ পাহারায় নেত্রকোনা জেলা আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে থানা সূত্রে জানা গেছে।
