কলমাকান্দায় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন
‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে র্যালি ও আলোচনা সভা

কলমাকান্দা প্রতিনিধি
“হাত ধোয়ার নায়ক হোন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান।
বক্তারা বলেন, স্বাস্থ্যকর জীবনযাপনের প্রথম শর্তই হচ্ছে পরিচ্ছন্নতা ও সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা। তাঁরা আরও বলেন, শিশু থেকে বৃদ্ধ সবারই নিয়মিত হাত ধোয়ার অভ্যাস করলে অনেক রোগব্যাধি প্রতিরোধ করা সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রুমানা জান্নাত, উপজেলা বিএনপির সভাপতি এম.এ. খায়ের, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাশেম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন মন্ডল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুরে আলম, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আহমদ শফীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
আলোচনা শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করা হয়।
