কলমাকান্দায় গাঁজা গাছসহ এক ব্যক্তি আটক
নিজের খরচ কমাতে প্রায় আট মাস ধরে বাড়িতেই চাষ করত মুকুল

কমলাকান্দা প্রতিনিধি
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে গাঁজা গাছের একটি বড় চালান উদ্ধার করেছে। এ ঘটনায় মো. মুকুল মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
রোববার (১৯ অক্টোবর) সকালে কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফার নেতৃত্বে পুলিশের একটি দল নাজিরপুর ইউনিয়নের হরিপুর গ্রামে অভিযান চালিয়ে ওই গাঁজা গাছগুলো উদ্ধার করে। আটক মুকুল একই গ্রামের মৃত জিন্নত আলীর ছেলে।
গাঁজাসক্ত মুকুলের চাষের কারণ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক মুকুল মিয়া নিজেই গাঁজাসক্ত। বাইরে থেকে কিনে খাওয়ায় খরচ বেশি হওয়ায় তিনি প্রায় আট মাস আগে নিজের বাড়ির পেছনে গাঁজা চাষ শুরু করেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ মুকুলকে আটক করে থানায় নিয়ে আসে।
সম্প্রতি কলমাকান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাদক ও চোরাচালান বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার পর পুলিশ এ ধরনের অভিযানে আরও সক্রিয় হয়েছে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, “মাদক ও চোরাচালানের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। আটক মুকুলের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হবে।”
