“জনগণ পিআর বুঝে না, এটি নির্বাচন বানচালের ষড়যন্ত্র”: ওয়াহাব
আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে জবাব দিতে প্রস্তুত জনগণ, ৩১ দফা মুক্তির সনদ

মো: আমান উল্লাহ আকন্দ
ময়মনসিংহ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেছেন, দেশের জনগণ পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি বুঝে না। কিন্তু গুটি কয়েক রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করে কর্মসূচি ঘোষণার নামে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। তিনি বলেন, দেশের জনগণ এই কর্মসূচিকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহ সদর উপজেলার চুড়খাই বাজার এলাকায় ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

পিআর নিয়ে অবস্থান ও নির্বাচনের আহ্বান
আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, আগামী নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে সরকার গঠিত হলে, সেই সংসদে পিআর (Proportional Representation) নিয়ে আলোচনা করা যেতে পারে। তিনি দেশের স্বার্থে অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানিয়ে বলেন, “ব্যালটের মাধ্যমে দেশের জনগণ এসব ষড়যন্ত্রের জবাব দিতে প্রস্তুত রয়েছে।”
ময়মনসিংহ-৪ (সদর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এই নেতা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র সংস্কারে যে ৩১ দফার প্রস্তাব ঘোষণা করেছেন, তা এদেশের নির্যাতিত, নিপীড়িত জনগণের মুক্তির সনদ। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে এই ৩১ দফা বাস্তবায়ন করা হবে। তাই রাষ্ট্র সংস্কারে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
প্রচারণাকালে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সৈয়দ শরীফ, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটুসহ কোতোয়ালি বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
