যুগোপযোগী আবাসন নীতিমালা বাস্তবায়ন করা হবে: হান্নান খান
তারেক রহমানের ৩১ দফা নিয়ে ময়মনসিংহ নগরীতে ৮ মাস ধরে প্রচারণা

স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহ মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম এ হান্নান খান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার মধ্যে উল্লিখিত যুগোপযোগী, পরিকল্পিত, পরিবেশবান্ধব আবাসন এবং নগরায়ন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে।
তিনি গত সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় নগরীর ১ ও ৩০ নং ওয়ার্ডের খাঘডহর এবং ঘুন্টি বাজার এলাকা সমূহে ধারাবাহিক কর্মসূচির আওতায় ৩১ দফার লিফলেট জনসাধারণের মাঝে বিতরণকালে এই কথা বলেন।
অ্যাডভোকেট এম এ হান্নান খান ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক এবং জেলা কৃষক দলের সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত।

জনগণের দ্বারে দ্বারে ৩১ দফা
উল্লেখ্য, অ্যাডভোকেট এম এ হান্নান খান গত আট মাস ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফার লিফলেট নিয়ে জনগণের দ্বারে দ্বারে গিয়েছেন। তিনি স্থানীয় সমস্যার কথা শুনেছেন এবং আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তা নিরসনে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। এই দীর্ঘ সময়ে তিনি ৭০ হাজার লিফলেট বিতরণ করেছেন।
লিফলেট বিতরণকালে তাঁর সাথে ছিলেন ৩০ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ৯নং ওয়ার্ড বিএনপির সদস্য কামাল চৌধুরী সামছুসহ বিএনপি’র অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী ও ক্যাম্পেইন সদস্যরা।
