ফুলবাড়িয়ায় ৩ শতাধিক শীতার্তের কম্বল লাভ

​মোঃ শফিকুল ইসলাম সেলিম, ফুলবাড়িয়া প্রতিনিধি

শীতের তীব্রতা বাড়ায় অসহায় ও নিম্ন আয়ের মানুষের কষ্ট কমাতে কম্বল বিতরণ করেছে প্রবাসীদের সংগঠন ‘প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন’। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার হাতিলেইট উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় তিন শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে এ শীতবস্ত্র দেওয়া হয়। গতকাল বুধবার (২৫ নভেম্বর ২০২৬) বিকেলে এ আয়োজন করা হয়। সিদ্দিক আলী দারুস সালাম মাদ্রাসার মোহতামিম মুফতি দেলোয়ার হোসাইনীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ আলী জিন্নাহ খান।

​প্রবাসীদের মানবিক উদ্যোগ ও দোয়া

​প্রধান অতিথি আলহাজ্ব মোহাম্মদ আলী জিন্নাহ খান সিঙ্গাপুরের এফ এন্ড আর ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের ম্যানেজার রাজিব হোসাইন সাদ্দামের পিতা। অনুষ্ঠানে বক্তারা প্রবাসীদের কষ্টার্জিত অর্থের একটি অংশ নিজ এলাকার দরিদ্র মানুষের কল্যাণে ব্যয় করার উদ্যোগের প্রশংসা করেন। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ মানবিক কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে প্রবাসীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়।

​সংগঠনের বক্তব্য ও উপস্থিত অতিথিরা

​প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি রাকিবুল ইসলাম রাসেল জানান, প্রতিষ্ঠার পর থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে সংগঠনটি এবং আগামীতেও এ সেবা অব্যাহত থাকবে।

​অনুষ্ঠানে অর্থ সম্পাদক সাজ্জাদ হোসেন নীরব, সহ-অর্থ সম্পাদক মাহবুবুর রহমান, শাহাদাত হোসেন, সমাজসেবক খোরশেদ আলম, উজ্জ্বল আকন্দ, প্রত্যুষ মারাক, মুফতি ওমর ফারুক, মাওলানা আব্দুল মতিন, রাশেদুল আকন্দ লালু, আশরাফুল ইসলাম, শামসুল আলম সুরুজ ও শামসুল হকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নতুন কম্বল পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয় অসহায় মানুষ; এমন উদ্যোগ শীতের কষ্ট কমাবে বলে মনে করছেন এলাকাবাসী।

Leave a Comment