মোঃ মনিরুজ্জামান, ময়মনসিংহ

ময়মনসিংহের মুক্তাগাছা থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য, জুয়া খেলা ও বিভিন্ন পরোয়ানাসহ সর্বমোট ১৫ জন আসামিকে গ্রেফতার করেছে।
শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুক্তাগাছা থানা পুলিশের পৃথক কয়েকটি টিম এসব সফল অভিযান পরিচালনা করে।
মাদক, জুয়া ও বিভিন্ন ধারায় গ্রেফতার
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানে এসআই হাসিবুল হাসানের নেতৃত্বে ধীতুয়া এলাকায় সূর্যের খাদ্য মিলের সামনের পাকা রাস্তা থেকে ২০০ গ্রাম গাঁজাসহ মোঃ রিপন মিয়া (৩৫), মোঃ বাবলু মিয়া (৩০) ও মোঃ শরীফ হোসেন (৪২) নামের ৩ জনকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে জুয়াবিরোধী অভিযানে এসআই মোহাম্মদ মিঠু মিয়ার নেতৃত্বে দাওগাঁও এলাকায় কাছেদের নির্মাণাধীন বসতঘরে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ৬ জনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন—মোঃ নাসির উদ্দিন (৫০), মোঃ আব্দুল মান্নান (৬০), মোঃ আলম হোসেন (২৮), শামছুল হক (৩৫), সাইদুল ইসলাম (৩৪) ও মোঃ মোশারফ হোসেন (৩৪)।
এছাড়া মুক্তাগাছা পৌরসভাধীন মধ্যহিস্যা প্রাইমারি স্কুলের সামনে থেকে পুলিশ আইনের ৩৪ ধারায় মোঃ খাইরুল ইসলাম (৪৫) ও মোঃ মোশারফ হোসেন (৩২) নামের ২ জনকে গ্রেফতার করা হয়।
পরোয়ানাভুক্ত আসামি সোপর্দ
একই সাথে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আদালত থেকে জারি করা ওয়ারেন্টভুক্ত আরও ৪ জন আসামিকে গ্রেফতার করে মুক্তাগাছা থানা পুলিশ।
আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে গ্রেফতারকৃত সকল আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে থানা পুলিশ।