খালিয়াজুড়িতে ধেনু নদী থেকে অবৈধ বালু উত্তোলন: নৌকাসহ আটক ৫ জনকে আড়াই লাখ টাকা জরিমানা

মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার হাওড়বেষ্টিত খালিয়াজুড়ি উপজেলায় ধেনু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে নৌকাসহ পাঁচজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।

​গত শনিবার (২৯ আগস্ট) রাতে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের আসাদপুর ও নূরালীপুর গ্রামসংলগ্ন ধেনু নদীতে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান ও আটকের বিবরণ

​পুলিশ সূত্রে জানা যায়, ধেনু নদী থেকে অবৈধভাবে বালু তোলার গোপন খবর পেয়ে খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল ড্রেজার ও নদী এলাকায় অভিযান চালায়। এ সময় বালু বহনে ব্যবহৃত ‘ফৌজিয়া-১’ নামক ৩ হাজার ২০০ ঘনফুটের একটি বালুর নৌকাসহ পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়।

​আটককৃতরা হলেন— সুনামগঞ্জের ধর্মপাশা এলাকার কবির হোসেনের ছেলে মোঃ শামীম মিয়া (৩২), জয়নাল আবেদিনের দুই ছেলে মোঃ সৈয়দ হোসেন ও শামীম মিয়া (৩০); এবং জামালগঞ্জ এলাকার মোঃ মাহবুব হোসেনের ছেলে ইয়াছিন মিয়া ও জাকির হোসেনের ছেলে হাসান মিয়া।

ভ্রাম্যমাণ আদালতের রায় ও পুলিশের বক্তব্য

​পরদিন রোববার (৩০ আগস্ট) সকালে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেন খালিয়াজুড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব বিন জামান প্রত্যয়। আটক ব্যক্তিরা নিজেদের দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে প্রত্যেকের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

​খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান—

​”নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তাঁদের জরিমানা করা হয়েছে এবং আসামিদের থানা হেফাজতে রাখা হয়েছে। নির্ধারিত জরিমানা পরিশোধ না করলে সোমবার (৩১ আগস্ট) সকালে পুলিশ পাহারায় তাঁদের নেত্রকোনা জেলা আদালতে প্রেরণ করা হবে।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *