“আমরা লুট করতে আসিনি, দেশকে দিতে এসেছি”—কলমাকান্দায় ডেপুটি স্পিকার
মো. ফখরুল আলম খসরু, কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, “আমরা লুট করতে আসিনি, দেশকে দিতে এসেছি। উন্নয়নের নামে কেউ দুর্নীতি, দখল বা অনিয়ম করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।” বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) নেত্রকোনার কলমাকান্দা উপজেলা প্রশাসন আয়োজিত এক সংবর্ধনা ও সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর বার্তা
ডেপুটি স্পিকার উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করে বলেন, জনগণের আস্থা ধরে রাখতে সততা ও নিষ্ঠার বিকল্প নেই।ক্ষমতার অপব্যবহার বরদাশত করা হবে না উল্লেখ করে তিনি বলেন, “নিয়ম সবার জন্য সমান।আপন ভাই হলেও যদি অন্যায় করে, তাকেও ছাড় দেওয়া হবে না। আমার নাম ভাঙিয়ে কেউ লুটপাট বা দখলবাজির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে”।
তরুণ প্রজন্ম ও প্রধানমন্ত্রীর ভিশন
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন প্রজন্মকে দক্ষ ও আধুনিক হিসেবে গড়ে তুলতে নিরলস কাজ করছেন। তিনি উল্লেখ করেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী প্রতিদিন প্রায় ১৮ ঘণ্টা পরিশ্রম করছেন।তরুণদের কর্মসংস্থান, প্রযুক্তিনির্ভর শিক্ষা ও খেলাধুলায় উদ্বুদ্ধ করতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে।
কৃষি ও কৃষকের উন্নয়ন
কৃষকদের অবদানের কথা তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে”।বিশেষ করে হাওরাঞ্চলের কৃষকরা প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছেন। সরকার কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে বিভিন্ন প্রণোদনা, সহজ শর্তে ঋণ ও আধুনিক কৃষি প্রযুক্তি সহায়তা দিয়ে যাচ্ছে।
সংবর্ধনা ও সামগ্রী বিতরণ
অনুষ্ঠানে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন বালিকা ফুটবল দল ও রানারআপ বালক কাবাডি দলের খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া উপজেলা পরিষদের এডিপি তহবিল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনকে ক্রীড়া সামগ্রী এবং মৎস্য দপ্তরের পক্ষ থেকে স্থানীয় মৎস্য চাষিদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ করেন ডেপুটি স্পিকার।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, ক্রীড়াবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
