খালিয়াজুড়িতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন: লক্ষ্যমাত্রা প্রায় ১০ হাজার শিশু

মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার খালিয়াজুড়িতে শিশুদের হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষা নিশ্চিত করতে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

টিকাদান কর্মসূচির বিস্তারিত

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, খালিয়াজুড়ির ছয়টি ইউনিয়নের ৬ মাস থেকে ৬ বছর বয়সী মোট ৯,৮৮৬ জন শিশুকে এই কর্মসূচির আওতায় টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০ এপ্রিল থেকে শুরু হওয়া এই কার্যক্রম আগামী ১১ মে পর্যন্ত চলবে। উপজেলার বিভিন্ন ওয়ার্ডে ১১৯টি কেন্দ্র এবং ২৫টি প্রাথমিক বিদ্যালয়সহ সর্বমোট ১৪৪টি কেন্দ্রে ১১ দিনব্যাপী এই টিকাদান কর্মসূচি পরিচালিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠান ও অতিথিবৃন্দ

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আরেফিন আজিমের সভাপতিত্বে এবং স্বাস্থ্যকর্মী মোঃ কয়েসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাদির হোসেন শামীম

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • আব্দুর রউফ স্বাধীন: সভাপতি, খালিয়াজুড়ি উপজেলা বিএনপি ও চেয়ারম্যান, গাজীপুর ইউপি।
  • মোঃ নাসির উদ্দীন: ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), খালিয়াজুড়ি থানা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নব যোগদানকৃত ডাঃ মোঃ মোস্তাকিম। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তালুকদার কেষ্ট, স্থানীয় সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী জহির আহমেদ জিকু, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আজিমেল কদরসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথির আহ্বান

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নাদির হোসেন শামীম বলেন, “হাম-রুবেলা থেকে সুরক্ষা নিশ্চিত করতে প্রতিটি শিশুকে এই টিকা গ্রহণ করা জরুরি। প্রতিটি পরিবারের দোরগোড়ায় এই বার্তা পৌঁছে দিতে হবে যাতে কোনো শিশু বাদ না পড়ে।”

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *