ময়মনসিংহে মাদক বিক্রেতাদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

রাশেদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

ময়মনসিংহের নগরীর ৩২ নং ওয়ার্ডের চর কালিবাড়ি চায়না মোড় এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে স্থানীয় এলাকাবাসী। থানায় অভিযোগ দায়েরের পরও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ জনতা মানববন্ধন শেষে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।

মাদকের অভয়ারণ্য ও স্থানীয়দের ক্ষোভ

শনিবার (১৮ এপ্রিল ২০২৬) চর কালিবাড়ি উত্তরপাড়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন ৩২ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান মিয়া, সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক সুজন মিয়া, মনসুর, আবদুর রহমান, আমির আলী ও বিলকিস আক্তারসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করে বলেন, ৩২ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা বর্তমানে মাদকসেবীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। বহিরাগতদের আনাগোনায় এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে এবং কিশোর-তরুণরা বিপথগামী হচ্ছে। চিহ্নিত মাদক বিক্রেতা আবু মিয়া, আকাশ, রনি, আল আমিন ও সজীব মুন্সিসহ তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা, বাংলা মদ ও অন্যান্য মাদক ব্যবসা চালিয়ে আসছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও পুলিশি পদক্ষেপ না থাকায় তারা বেপরোয়া হয়ে উঠেছে।

হামলা ও মামলার বিবরণ

মানবন্ধনে জানানো হয়, মাদক ব্যবসার প্রতিবাদ করায় গত ১৪ এপ্রিল মাদক কারবারীরা স্থানীয় জীবন, কামাল, সোহরাব, আসিফ ও হৃদয়ের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত জীবন ও সোহরাব বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় আবদুর রহমান বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ ও প্রতিবাদের জেরে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ীরা গত ১৭ এপ্রিল রাতে আবারও জীবন ও কামালদের বাড়িতে হামলা চালায়। পরে ৯৯৯-এ ফোন করলে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসীর আল্টিমেটাম

মানববন্ধন ও সড়ক অবরোধ থেকে এলাকাবাসী অবিলম্বে আবু মিয়া গংদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। সড়ক অবরোধের ফলে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হলেও পুলিশের আশ্বাসে এলাকাবাসী অবরোধ তুলে নেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *