ময়মনসিংহে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত: বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

“ক্রীড়াই হবে সেতুবন্ধন, করবো বাধা দূরীকরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ময়মনসিংহ জেলায় বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ‘জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬’। সোমবার (৬ এপ্রিল) জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।
বর্ণাঢ্য র্যালি ও উদ্বোধন
সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। র্যালিটির শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ক্রীড়া সংগঠনের সদস্য, উদীয়মান খেলোয়াড় এবং ক্রীড়াপ্রেমী সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আলোচনা সভা ও অতিথিবৃন্দ
র্যালি পরবর্তী আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. হারুন উর রশিদ এবং জেলা ক্রীড়া অফিসার আল-আমিন। এছাড়াও বিশিষ্ট ক্রীড়া সংগঠক এ কে এম মাহবুবুল আলম, কাবাডি কোচ মো. মাহবুবুল আলম রতন এবং স্কেটিং কোচ কাজী মমিনুল হুদা ফোরকান উপস্থিত ছিলেন।
বক্তাদের আহ্বান
আলোচনা সভায় বক্তারা বলেন, “সুস্থ দেহে সুস্থ মন। আর এই সুস্থ দেহ ও মন গঠনের শ্রেষ্ঠ মাধ্যম হলো খেলাধুলা।” তাঁরা আরও উল্লেখ করেন যে, প্রতিযোগিতায় জয়-পরাজয় বড় কথা নয়, বরং অংশগ্রহণ করা এবং খেলার মানসিকতা তৈরি করাই মুখ্য। তরুণ প্রজন্মকে মাদক ও অলসতাকে ‘না’ বলে খেলাধুলাকে দৈনন্দিন জীবনের অংশ করে নেওয়ার আহ্বান জানান তাঁরা।
