নোবিপ্রবিতে গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার্থীর উপস্থিতি ও পরিদর্শন
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘বি’ ইউনিটে মোট ৩৬৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২৮২০ জন, অর্থাৎ উপস্থিতির হার ছিল ৭৭.৩৯ শতাংশ। পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. রোকনুজ্জামান সিদ্দিকীসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উপাচার্যের সন্তোষ ও কৃতজ্ঞতা
হল পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, “গত সপ্তাহের ‘সি’ ইউনিটের মতো আজকের পরীক্ষাও কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই সম্পন্ন হয়েছে। নোয়াখালীবাসীর সহযোগিতার কারণে পরীক্ষার্থীরা সোনাপুরসহ কোথাও যানজটের সম্মুখীন হয়নি।”
তিনি আরও জানান, প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে অভিভাবকদের জন্য প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছিল। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ডিবি, ডিএসবি ও এনএসআই সদস্যদের সার্বক্ষণিক নজরদারি এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সক্রিয় ভূমিকার কারণে পরীক্ষা সুষ্ঠু হয়েছে। উপাচার্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
পরবর্তী পরীক্ষা
উল্লেখ্য, আগামী ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমেই ২০২৫–২৬ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা কার্যক্রম সমাপ্ত হবে।
