প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি উদ্বোধন

মো: হাবিবুল্লাহ, (খালিয়াজুড়ি), নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার হাওর বেষ্টিত খালিয়াজুড়ি উপজেলার ৬৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ফিডিং কার্যক্রমের আওতায় খাদ্য বিতরণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। রোববার (২৯ মার্চ) উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী রিয়া রাণী বর্মনের হাতে খাদ্যসামগ্রী তুলে দিয়ে এই কর্মসূচির সূচনা করা হয়।

খাদ্য বিতরণ ও উপস্থিতির হার

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্যমতে, উপজেলার ৬৩টি বিদ্যালয়ে মোট ১০ হাজার ২০৬ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে উদ্বোধনী দিনে উপস্থিত ৭ হাজার ৫৪৪ জন (প্রায় ৭৪%) শিক্ষার্থীর প্রত্যেকের মাঝে একটি করে সেদ্ধ ডিম ও একটি করে বনরুটি বিতরণ করা হয়। পর্যায়ক্রমে সকল শিক্ষার্থীর মাঝে এই পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠান ও অতিথিবৃন্দ

মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ বর্মণের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আজিমেল কদর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবু রায়হান ও উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক ছোটন। এছাড়াও বক্তব্য রাখেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের প্রতিনিধি জহির আহমেদ জিকু, বিএনপি নেতা আব্দুস সালাম তালুকদার ও উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব সোহান বিন নবাব।

শিক্ষক ও প্রশাসনের প্রতিক্রিয়া

উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম এই উদ্যোগকে ‘চমৎকার ও ইতিবাচক’ আখ্যা দিয়ে বলেন, “এর ফলে শিক্ষার্থীদের পড়াশোনা ও খেলাধুলার প্রতি মনোনিবেশ বৃদ্ধি পাবে।” বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা জানান, এই কার্যক্রম চালু থাকলে শিক্ষার্থীদের বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ হবে এবং শিক্ষার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *