গণহত্যা দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

২৫শে মার্চের ভয়াল কালরাত্রি ও গণহত্যা দিবস-২০২৬ উপলক্ষ্যে ময়মনসিংহে জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ঐতিহাসিক এই দিবসের তাৎপর্য তুলে ধরে এই সভার আয়োজন করা হয়।
স্মৃতি চারণ ও ইতিহাসের কালো অধ্যায়
জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫শে মার্চের এই দিনে পাক হানাদার বাহিনী এদেশের ইতিহাসে এক বর্বরোচিত কালো অধ্যায়ের সূচনা করেছিল। রাজারবাগ পুলিশ লাইনে আক্রমণের মাধ্যমে ঘুমন্ত মানুষের রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকা শহর। সেই ভয়াবহ গণহত্যার কথা বাংলার মানুষ আজও ভুলতে পারেনি। বক্তারা আরও উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাইয়েও স্বাধীন দেশে বিগত ফ্যাসিস্ট সরকার নিরীহ মানুষের ওপর নির্বিচারে গুলি চালিয়ে আরও একটি গণহত্যা সংঘটিত করেছিল।
নতুন প্রজন্মের জন্য সঠিক ইতিহাস
আলোচনা সভায় বক্তারা গুরুত্বারোপ করে বলেন, “স্বাধীনতার গল্প কোনো রূপকথা বা টোনাটুনির গল্প নয়; এটি আমাদের অস্তিত্বের লড়াই। নতুন প্রজন্মকে এই নির্মম গণহত্যা ও বীরত্বগাথার সঠিক ইতিহাস জানাতে হবে।” মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।
নতুন বাংলাদেশের স্বপ্ন
সভায় আলোচকবৃন্দ বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ আজ নতুন করে দেশ গড়ার স্বপ্ন দেখছে। নির্বাচনী ওয়াদা অনুসারে বর্তমান সরকার জনগণের স্বপ্ন বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করছে। সকলের সহযোগিতায় অর্থনৈতিক মুক্তিসহ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে নবগঠিত এই সরকার নিরলস কাজ করে যাচ্ছে।
উপস্থিত অতিথিবৃন্দ
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ। আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, আনন্দ মোহন কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও কবি শামীম সিদ্দিকী এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু তাহের। স্বাগত বক্তব্য প্রদান করেন মহাকালী গার্লস স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ জিয়া উদ্দিন শাকির।
অনুষ্ঠানে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
