মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (নোকসু) নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে নোবিপ্রবি ইসলামী ছাত্রশিবির। বুধবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।
স্লোগানে স্লোগানে উত্তাল শহীদ মিনার
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা তাঁদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এসময় শিক্ষার্থীদের কণ্ঠে— “তোমার আমার অধিকার, নোকসু নোকসু”, “নোকসু নিয়ে টালবাহানা চলবে না”, “হি হ্যাস এ প্ল্যান, শাকসু করেছে ব্যান”—এসব স্লোগান প্রতিধ্বনিত হয়।
নেতৃবৃন্দের বক্তব্য
নোবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আবদুল রহমান বলেন, “ছাত্রদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা প্রশাসনের দায়িত্ব। কিন্তু আমরা প্রশাসনের সদিচ্ছার অভাব লক্ষ্য করছি। ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার মাধ্যমে ভবিষ্যতে নেতৃত্ব তৈরির পথ বন্ধ করা হচ্ছে।” তিনি অবিলম্বে নোকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান।
সমাপনী বক্তব্যে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি আরিফুল ইসলাম সৈকত বলেন, “২৪-এর গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিল লেজুড়ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করে ছাত্র সংসদ প্রতিষ্ঠা করা। কিন্তু একটি বিশেষ দলের প্রভাবে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন করতে প্রশাসন ব্যর্থ হচ্ছে। নভেম্বরে ১৩ দফা দাবি সংবলিত স্মারকলিপি দিলেও প্রশাসন এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি।”
কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের প্রতিনিধিত্বমূলক প্ল্যাটফর্ম নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁরা এই আন্দোলন চালিয়ে যাবেন। একটি নিরাপদ ও গণতান্ত্রিক ক্যাম্পাস গড়তে ছাত্র সংসদ নির্বাচনের কোনো বিকল্প নেই বলে তাঁরা মন্তব্য করেন। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরাও সংহতি প্রকাশ করেন।
