নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আজ শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জুমা এই মাহফিল আয়োজন করা হয়।

স্মৃতিচারণ ও আলোচনা

মিলাদ শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ প্রয়াত নেত্রীর রাজনৈতিক জীবনের দৃঢ়তার কথা স্মরণ করেন। তিনি বলেন, “আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নোবিপ্রবি পরিবার গভীরভাবে শোকাহত। অনেকেই জীবনের কোনো না কোনো পর্যায়ে আপস করতে বাধ্য হন, কিন্তু আমরা এমন এক নেত্রীকে হারিয়েছি যিনি আমৃত্যু কখনো অন্যায়ের সাথে আপস করেননি। তিনি নিজের শক্তি ও মেধা দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে গেছেন।”

তিনি আরও যোগ করেন, “তিনি সবকিছু হারিয়েছেন, তবুও নীতির প্রশ্নে অটল ছিলেন। আমরা মহান সৃষ্টিকর্তার কাছে তাঁর জান্নাত নসীব কামনা করি।”

উপস্থিতিবৃন্দ

দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ.এফ.এম আরিফুর রহমান, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশের সমৃদ্ধি ও কল্যাণে বিশেষ প্রার্থনা করা হয়।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ২০২৫ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে এবং রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *