মোহাম্মদ উল্যা, নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ এক্স-স্টুডেন্ট ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ১৭তম মেধা বৃত্তি পরীক্ষা। আজ শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) উপজেলার রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে এ পরীক্ষা সম্পন্ন হয়।
পরীক্ষার বিবরণ ও অংশগ্রহণ
আজ সকাল সাড় ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এ পরীক্ষায় কোম্পানীগঞ্জ উপজেলার ৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের পঞ্চম থেকে অষ্টম শ্রেণির প্রায় ৫৫০ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। শিক্ষার্থীদের মেধা যাচাই, শিক্ষার মানোন্নয়ন এবং পড়াশোনায় আরও উৎসাহিত করতেই নিয়মিতভাবে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হচ্ছে বলে ফোরামের পক্ষ থেকে জানানো হয়।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পরীক্ষাকেন্দ্র পরিদর্শন
এবারের পরীক্ষায় নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ আহম্মদ উল্যাহ। কেন্দ্র প্রধানের দায়িত্বে ছিলেন আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক শহীদ উল্যাহ খোকন এবং হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন মা কলেজের অধ্যক্ষ বেলায়েত হোসেন স্বপন।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শকদের মধ্যে উপস্থিত ছিলেন রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি মাওলানা শেখ ফরিদ, মৌলভী এস এম জামাল উদ্দিন, প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য মৌলভী ছানা উল্যাহ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ খুরশিদ আলম, বামনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরিদ আহমেদ এবং উত্তরপূর্ব রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন মানিক।
সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতি
এ সময় রংমালা এক্স-স্টুডেন্ট ফোরামের সভাপতি খাইরুল ইসলাম খোকন, সহসভাপতি জিয়াউর রহমান মাসুদ ও নুর আলম রাশেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ, সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন জুয়েল, প্রচার সম্পাদক ইয়াছিন আরাফাত শামীম, অর্থ সম্পাদক নুর ইসলাম ফয়সাল, শিক্ষা সম্পাদক ইমাম হোসেন রিয়াদ ও দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম ফরহাদসহ ফোরামের অন্যান্য উপদেষ্টা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সচেতন মহলের মতে, শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ তৈরি ও মেধা বিকাশে এ ধরনের ইতিবাচক উদ্যোগ অঞ্চলটিতে শিক্ষার গুণগত মান বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।