মো. ফখরুল আলম খসরু, কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় গারো যুব সমাজকে সংগঠিত ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে গারো যুব সমাবেশ, সাংস্কৃতিক প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গারো যুব সমাবেশ ও সাংস্কৃতিক প্রদর্শন আহ্বায়ক কমিটির উদ্যোগে এ মৈত্রী উৎসবের আয়োজন করা হয়।
উপজেলার বরুয়াকোণা সাধু ফ্রেডারিক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন আদিবাসী গারো সমাজের অন্যতম পরিচিত মুখ মি. রিংকেন রেমা।
সমাবেশের উদ্বোধন ও অতিথিবৃন্দ
“নেতৃত্ব ও ঐক্যবদ্ধ গারো যুব সমাজ হোক সংঘবদ্ধ”—এই প্রতিপাদ্য ও থিমের ওপর ভিত্তি করে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (টিডব্লিউএ) কলমাকান্দা থানা শাখার চেয়ারম্যান মুকুট স্নাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুয়াকোণা মারিয়া নির্মল হৃদয়ের গীর্জার পাল পুরোহিত রেভা ফাদার অঞ্জন জাম্বিল এবং সেক্রেট হার্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চার্লস চারু নকরেক।
বক্তাদের বক্তব্য ও যুব সমাজের অংশগ্রহণ
সমাবেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও গারো যুব সমাজের ঐক্য, নেতৃত্ব বিকাশ, সংস্কৃতি চর্চা এবং সমসাময়িক শিক্ষা-সচেতনতা নিয়ে বক্তব্য রাখেন যেরুম রেমা, আলফন্স নংমিন, রেভা ফাদার বিপিন নকরেক, বিমল কুবি, সূচনা রুরাম, তর্পন ঘাগ্রা, চয়ন রিছিল, পাস্টর পরিতোষ চিসিম, প্রকৌশলী এমদাদুল হক এমদাদ, সজিব হাজং, অ্যাডভোকেট রাসেল মিয়া এবং আসাদুজ্জামান আসাদ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দুই শতাধিক গারো ও হাজং সম্প্রদায়ের তরুণেরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা
দিনব্যাপী উদযাপিত এই উৎসবে ঐতিহ্যবাহী গারো নাচ-গানসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এ ছাড়া আদিবাসী সংস্কৃতি, ইতিহাস ও সাধারণ জ্ঞানের ওপর শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিনশেষে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।