ময়মনসিংহে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ভার্চুয়াল সংবাদ সম্মেলন; ‘ফ্যামিলি কার্ড’ প্রকল্পের তথ্য সংগ্রহ ও ট্যাব বিতরণ

​রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

‘স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি’ বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স ও ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১২ অক্টোবর ২০২৬) দুপুরে ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়।

​প্রধানমন্ত্রী ভার্চুয়ালি উপস্থিত থেকে দেশব্যাপী এই গুরুত্বপূর্ণ কর্মসূচির মূল সূচনা করেন।

​বিশেষ অতিথিবৃন্দ ও আলোচনা

​ময়মনসিংহ সদর উপজেলা অংশ থেকে এই ভার্চুয়াল প্রেস কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক দেবাশীষ সরদার।

​ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আলী হায়দার ভূঁইয়া এবং জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক শাহনাজ পারভীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।

​সম্মেলনে বক্তারা জানান, প্রতিটি পরিবারকে সামাজিক নিরাপত্তার আওতায় এনে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্দেশ্যেই স্বচ্ছ ও আধুনিক পদ্ধতিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

​তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ

​ভিডিও কনফারেন্স ও প্রেস কনফারেন্স শেষে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অংশ হিসেবে ময়মনসিংহের সদর উপজেলার তিনটি ইউনিয়নের তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজারদের কাজের সুবিধার কথা চিন্তা করে ডিজিটাল সরঞ্জাম প্রদান করা হয়। অনুষ্ঠানের অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে ১৫ জন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারের হাতে অ্যান্ড্রয়েড ‘ট্যাব’ হস্তান্তর করেন।