মো. ফখরুল আলম খসরু, কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় বর্ণাঢ্য র্যালি, সচেতনতামূলক আলোচনা সভা এবং শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ‘জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে।
আজ সোমবার (১২ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
র্যালি ও আলোচনা সভা
দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। র্যালিতে সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আব্দুল্লাহ আল মামুন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীম।
বক্তাদের বক্তব্য ও আহ্বান
আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুর সুরক্ষায় সমাজকে আরও সচেতন করার তাগিদ দেন। তাঁরা বলেন, কন্যাশিশুর নিরাপত্তা, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, বাল্যবিবাহের অভিশাপ দূর করা এবং সমাজে নারী-পুরুষের সমান সুযোগ ও অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারী নেত্রী কলি আক্তার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হাশেম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি চাঁন মিয়া, কলমাকান্দা প্রেস ক্লাবের সভাপতি শেখ শামীম এবং এনজিও ‘পারি’-র মনিটরিং অফিসার তপন কুমার সাহা।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।